পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান রিয়াজ (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হাওলাদার (৫৬) ও একই ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মজিবর হাওলাদার (৫২)।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক লিখিত বিজ্ঞপ্তিতে জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় নজরুল ফকিরের বাড়ির সামনে কাঁচা বেড়িবাঁধ রাস্তার ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মশাল জ্বালিয়ে মিছিল করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মহিপুর থানায় মামলা (নম্বর ১৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬) করা হয়; এজাহারনামীয় ১৫ জনসহ অজ্ঞাতনামা ৪৫ থেকে ৫০ জনকে আসামি করা হয়।
