এইমাত্র
পিরোজপুর

নাজিরপুরে জামায়াত-যুবদল নেতার দোকানে আগুন, ক্ষতি ২০ লাখ টাকা

পিরোজপুরের নাজিরপুরে জামায়াত ও যুবদলের দুই নেতার দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ২টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে।

দোকান দুটি শেখমাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম ও একই ওয়ার্ড যুবদলের কর্মী মো. সোহেলের। স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দোকান দুটিতে আগুন দিয়েছেন।

ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আইউব আলী বিএইচএস নিউজকে জানান, প্রতিরাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়মিত বাজার পাহারা দেন। ঘটনার রাতে পাহারারতদের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছিল। রাত ২টার দিকে সবাই যখন খিচুড়ি খেতে বসেন, তখন দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।