এইমাত্র
পটুয়াখালী

কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, বিএনপির ধাওয়ায় আটক ৪

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহিপুরে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে মহাসড়কে মিছিল করেন নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। পরে তাদের ধাওয়া করে চারজনকে আটক করে মহিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, মহাসড়কে মিছিলের পরপরই শত শত বিএনপি নেতাকর্মী নেমে আসেন। নাশকতার বিরুদ্ধে এবং আওয়ামী তৎপরতা প্রতিরোধ করতে মহিপুর সদর ও সেতু সংলগ্ন এলাকায় অবস্থান নেন তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বিএইচএস নিউজকে বলেন, একটি মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের আটকে অভিযান চলছে। মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে।