বরগুনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মিছিল বের করা হয়।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর দলটির ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
অভিযোগ উঠেছে, মিছিলটি পুলিশের সামনে দিয়ে গেলেও বাধা দেওয়া হয়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিএইচএস নিউজকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মধ্যে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
