আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ও বিএনপি। সফরসূচি চূড়ান্ত হওয়ার পর জেলা ও বিভাগীয় প্রশাসনের পাশাপাশি বিএনপিও দফায় দফায় প্রস্তুতি সভা করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১-এর সফরসূচি অনুযায়ী, ১৩ জুলাই সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালের পাশে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরকে কেন্দ্র করে বুধবার থেকে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুলাই সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। এদিন তিনি গৌরনদী ও বরিশাল সদর এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে প্রস্তুতি সভা শেষে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খাল এলাকায় গিয়ে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।