বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
No menu items!
spot_img

চুরি করতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে নাঈম (২৫) নামে এক যুবক স্থানীয়দের হাতে আটক হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী, কন্যা ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক নাঈম ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশে থাকা একটি সুপারি গাছ বেয়ে উঠে নাঈম ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা ইলিয়াস হোসেনের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখে ফেলেন। নাজমা মোবাইল ফোনে বিষয়টি জানানোর চেষ্টা করলে নাঈম তাকে বাধা দেন। একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে নাজমাকে আঘাত করা হয়। নাজমার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ছেলে নুহিন মিয়া তাদের উদ্ধারে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নাঈমকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন নাজমা আক্তার বলেন, ‘ঘরে কাজ করার সময় হঠাৎ দেখি নাঈম সুপারি গাছ বেয়ে ঘরে ঢুকেছে। আমি মোবাইলে ফোন করতে গেলে সে বাধা দেয়। পরে চিৎকার করলে ছুরি দিয়ে আমাকে আঘাত করে। আমার মেয়ে ও প্রতিবেশী নুহিন এগিয়ে এলে তাদেরও আহত করা হয়।’

প্রবাসী ইলিয়াস হোসেনের বড় ভাই মো. মিরাজ মিয়া বলেন, ‘আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। এই সুযোগে নাঈম দিনদুপুরে বাড়িতে চুরি করতে এসেছিল বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় নাঈম ও তার বাবা রফিককে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular