ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খালেদ হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত খালেদ হোসেন নলছিটি উপজেলার সরমহল গ্রামের বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
জেলায় বর্তমানে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ বছর জেলায় ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জ্বর হলে দ্রুত পরীক্ষা করার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের পরামর্শ দিয়েছেন তাঁরা।
