এইমাত্র
পটুয়াখালী

পটুয়াখালীতে ৪০ প্রান্তিক পরিবার পেল সবজি বীজ ও নগদ অর্থ

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪০টি প্রান্তিক কৃষক পরিবার পেয়েছে সবজি বীজ ও নগদ অর্থ সহায়তা। মঙ্গলবার (১৭ নভেম্বর) হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়।

‘মানুষের সাথে, মানবতার সাথে’—এই স্লোগানকে সামনে রেখে ‘আঙিনায় সবজি চাষ’ প্রকল্পের আওতায় হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা এ উদ্যোগ নেয়। অনুষ্ঠানে প্রত্যেক কৃষক-কৃষাণীকে সাত প্রকারের সবজি বীজ এবং বীজের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হাশেমসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার সহ-সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলীপ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন, ইউনিয়ন কৃষি সুপারভাইজার সানিয়া আক্তার, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলামসহ অন্যরা।

উপকারভোগী কৃষক-কৃষাণীদের পক্ষে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ ফকির, হারুন হাওলাদার ও মাহমুদা বেগম। তাঁরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষিকাজে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, বাড়ির আঙিনা ও আশপাশের অব্যবহৃত জায়গায় সবজি চাষের মাধ্যমে প্রান্তিক পরিবারগুলোর পুষ্টির চাহিদা পূরণ, পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।