বরিশালের মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাগরিবের নামাজের পর চরকালেখান ইউনিয়ন বিএনপির উদ্যোগে চরকালেখান মাদ্রাসার বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন ঢালী।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন ঢালী বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। অনেক নেতাকর্মীকে ঘরছাড়া থাকতে হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও আওয়ামী লীগ আবারও আগের কর্মকাণ্ডে ফিরে গিয়ে দেশে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মোশাররফ হোসেন ঢালী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন এবং ঘরে থাকুন। কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে বাধ্য হব।
পথসভায় বিএনপি নেতা আসাদুজ্জামান মালেক সরদার, বাচ্চু খান, মোহাম্মদ মোস্তফা সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল কবির লিটন মৃধা, ইউপি সদস্য পল্লব সিকদার, আক্তার সরদার, আক্তার বেপারী, ছাত্রদল নেতা আসাদুজ্জামান অনু সিকদার, ইয়ামিন হাওলাদার, সোহাগ মৃধা, ফরহাদ হোসেন হাওলাদার, নুরুল আলম মিয়া, শাখাওয়াত চৌকিদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, রাকি সরদার, রুবেল দেওয়ান, শাহাবুদ্দিন ও ছাত্রদলের সহ-সভাপতি মিজান সরদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
