এইমাত্র
বরগুনা

বলেশ্বরে ২০ কেজির বোয়াল, বিক্রি ২০ হাজার টাকায়

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদে ২০ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়।

জেলে ইয়াকুব মিয়া ও তার সঙ্গীরা মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নদের তীরে ‘ঘোপ জাল’ বা ‘ব্যার জাল’ পাতেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে জাল টেনে তুলতেই বিশাল বোয়ালটি দেখা যায়। ইয়াকুব মিয়া বলেন, ‘জাল টানার সময়ই বুঝেছিলাম বড় কিছু আটকা পড়েছে।’ মাছের আকার দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি বলেও জানান তিনি।

পাথরঘাটা বাজারে প্রতি কেজি এক হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়। মোট দাম ওঠে ২০ হাজার টাকা। এটি কিনে নেয় স্থানীয় ‘শাহজাহান মিয়ার হোটেল’। মাছটি দেখতে সকাল থেকে বাজারে মানুষের ভিড় জমে।

হোটেলের পরিচালক মো. ইউসুফ মিয়া বলেন, বাজারে ভিড় দেখেই তারা মাছটি কেনার আগ্রহ পান। ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে এর স্বাদ নেওয়ার আগ্রহ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

হোটেলের ব্যবস্থাপক শহিদুল আলম রিপন (৪৬) জানান, ব্যবসায়িক জীবনে ২৫ বছরে তিনি ২৫ থেকে ৩০ কেজির পাঙ্গাশ ও কোরাল রান্না করে বিক্রি করেছেন। আট থেকে ১০ কেজির বোয়ালও পেয়েছেন। তবে ২০ কেজির বোয়াল এই প্রথম দেখলেন বলে জানান তিনি।