বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এসএম মশিউর রহমান শিহাব ও সাবেক সংসদ সদস্য ফারজানা সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় এজাহার দায়ের করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ খুলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ১৯ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেন। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আসামিরা বরগুনা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল শোভাযাত্রা ও স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং দোকানপাট বন্ধের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৮ নভেম্বর বুধবার আয়লাপাতাকাটা ইউনিয়নের ময়না বাজারসংলগ্ন পাকা সেতুর ওপর আসামিরা মোটরসাইকেল নিয়ে জড়ো হন। সেতুর পাশের দোকান লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন এবং সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও এজাহারে রয়েছে।
মামলার আসামিদের মধ্যে রানি নামের এক গৃহবধূ ও সেলিম নামের এক দোকানদারও রয়েছেন। তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। রানি বলেন, ‘আমি একজন গৃহবধূ। আমাকে কেন আসামি করা হয়েছে, তা জানি না।’ সেলিম বলেন, ‘আমি বাজারে বাজারে আলু-পেঁয়াজ বিক্রি করে সংসার চালাই। আমাকে আসামি করায় এখন পালিয়ে থাকতে হবে।’
সাবেক সংসদ সদস্য ফারজানা সুমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ মামলার আসামি রাসেল নামের একজন অন্য একটি বিস্ফোরক আইনের মামলায় কারাগারে রয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ১৪ নভেম্বর বরগুনায় বিস্ফোরক আইনের একটি মামলায় ৫৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
