এইমাত্র
পটুয়াখালী

পবিপ্রবিতে নবনিযুক্ত চার শিক্ষককে ছাত্রদলের সংবর্�্ধনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পবিপ্রবি শাখা। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত শিক্ষকরা হলেন—ছাত্রদল পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ও কৃষিবিদ ড. রাহাত মাহমুদ এবং সংগঠনটির সদস্য ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকদের মেধা, যোগ্যতা, নিষ্ঠা ও গবেষণার মধ্য দিয়েই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, নবনিযুক্ত সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার, ড. রাহাত মাহমুদ এবং প্রভাষক ডা. মো. মহিবুল্লাহ। ছাত্রদল পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা জনির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিদ। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চার শিক্ষককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে তাঁরা কার্যকর অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।