এইমাত্র
বরিশাল সদর

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সব সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন রাষ্ট্রপক্ষের

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের তৃতীয় ও শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আবেদন জানানো হয়।

যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান; তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। একজন ব্যক্তি শতসহস্র মানুষকে হত্যা করলেও আইনে তাঁকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না উল্লেখ করে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রয়োগের দাবি জানান তিনি। যুক্তিতর্কে তিনি জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ বলেও উল্লেখ করেন। একই সঙ্গে জিয়াউলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানান অ্যাটর্নি জেনারেল।

যুক্তিতর্কের শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সব সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানান। ট্রাইব্যুনাল আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী রোববার (২৯ নভেম্বর) দিন ধার্য করেছে।

এ মামলায় গত ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ২৪ নভেম্বর থেকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে মোট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন; চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এদিকে একই দিন দুপুরে বরিশাল নগরীর কলেজ রোড এলাকায় জিয়াউল আহসানের বাড়ির সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার টাঙান। গুমের শিকার দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সেদিন ছেলেদের ছবি বুকে নিয়ে বাড়ির সামনে আহাজারি করেন।

বৃহস্পতিবারের শুনানির কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেন। উল্লেখ্য, জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ও জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তিনি গ্রেপ্তার হন।