বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর প্রবল স্রোতে একের পর এক ধসে পড়ছে তীর সংরক্ষণ বাঁধের কংক্রিটের ব্লক। কোথাও সরে যাচ্ছে পাড়ের মাটি, কোথাও নদীতে বিলীন হচ্ছে সংরক্ষণকাজের অংশবিশেষ। এতে নদীতীরবর্তী অন্তত ৮০ থেকে ৮৫টি পরিবারের বসতবাড়িসহ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মাদ্রাসা ও স্থানীয় সামাজিক সংগঠনের স্থাপনা হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে ২০২০ সালে ৩৩১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় নগরের বেলতলা থেকে চরবাড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ৪ লাখ ৭৫ হাজার জিও ব্যাগ ও ১২ লাখ ২০ হাজার সিসি ব্লক ফেলে নদীর তীর সংরক্ষণ করা হয়। পাশাপাশি নদীর নাব্যতা রক্ষায় চরবাড়িয়া পয়েন্টে প্রায় ছয় কিলোমিটার এলাকা খনন করা হয়। ২০২৩ সালে প্রকল্পের কাজ শেষ হয়।
প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চরবাড়িয়া ইউনিয়নের ভাঙার পাড় এলাকা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। তবে কয়েক বছরের ব্যবধানেই সেখানকার তীররক্ষা ব্লক ধসে পড়তে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা আবু বক্কর বিএইচএস নিউজকে জানান, গত বর্ষা মৌসুমে চরবাড়িয়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন খালের মুখ থেকে নদীভাঙন শুরু হয়। এরই মধ্যে বটতলা থেকে শিকদার বাড়ি পর্যন্ত তীর সংরক্ষণের ব্লক ধসে পড়েছে। বর্ষা মৌসুমে ওই এলাকায় কিছু জিও ব্যাগ ফেলা হলেও নদীর গভীরতা বেশি হওয়ায় তাতে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। বর্তমানে সেখানে কাজও বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে। ঝুঁকিতে রয়েছে চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিলয় সংগঠনের স্থাপনা। তাদের দাবি, বর্ষা মৌসুমের অপেক্ষা না করে এখনই ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণকাজ করা না হলে আগামী বর্ষায় অবশিষ্ট ব্লকও ধসে পড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বিএইচএস নিউজকে জানান, কীর্তনখোলা নদীর ভাঙনে তীর সংরক্ষণের প্রায় ২০০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য নকশা প্রণয়নের কাজ চলছে। নকশা শেষ হলে প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
