এইমাত্র
ভোলা

ভোলায় রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন

ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সামনে থাকা একটি পানের দোকান পুড়ে গেছে। আগুনে কেউ হতাহত হননি।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন কার্যালয়ের সামনের পানের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বিএইচএস নিউজকে জানান, শনিবার সকালে কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে কার্যালয়ের সামনে আগুনের ক্ষতচিহ্ন দেখতে পান তিনি। রাত আনুমানিক ১টার পর আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনি বলেন, কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। প্রাথমিকভাবে নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।