ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে পাঁচজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় পাঁচজনকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বড় কৈবর্তখালী গ্রামের সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের তুহিন (২২), বড় কৈবর্তখালী গ্রামের মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. রাব্বি (২০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।