একসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। সিটি করপোরেশনের একাধিক দপ্তরের কার্যক্রমও চলত ভবনটিতে। অথচ দুই বছরের বেশি সময় ধরে সেই ভবন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কারের সিদ্ধান্ত হলেও কবে নাগাদ কাজ শুরু হবে, তা নিশ্চিত নয়।
বিবির পুকুরপাড় এলাকায় অবস্থিত পাঁচতলা অ্যানেক্স ভবনটি ছিল সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক স্থাপনা। ভবনটির বিভিন্ন তলায় সিটি করপোরেশনের একাধিক দপ্তরের কার্যক্রম চলত। নিচতলায় ছিল বিদ্যুৎ অফিস ও মসজিদ। পঞ্চম তলায় ছিল রেস্ট হাউজ। ভবনের একটি কক্ষে বসে দাপ্তরিক কাজ করতেন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নিচতলার কয়েকটি কক্ষ ব্যবহৃত হতো জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে। এ কারণে সাধারণ মানুষের কাছে ভবনটি আওয়ামী লীগের কার্যালয় হিসেবেও পরিচিত ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতা ভবনটিতে আগুন দেয়। এতে সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের আসবাব, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যায়। বন্ধ হয়ে যায় ভবনটির স্বাভাবিক কার্যক্রম। এরপর থেকে সরকারি স্থাপনাটি আর চালু করা সম্ভব হয়নি।
সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, শুধু অ্যানেক্স ভবনেই ক্ষতির পরিমাণ ১২ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে জনস্বাস্থ্য বিভাগের টিকা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল, জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রমের সরঞ্জাম ও আসবাব পুড়ে ক্ষতি হয় এক কোটি সাত লাখ টাকা। মশকনিধন কার্যক্রমের যন্ত্রপাতি, ওষুধ ও অন্যান্য মালামালের ক্ষতি হয় ৬৯ লাখ ২৮ হাজার টাকা। এ ছাড়া পরিচ্ছন্নতা বিভাগের মালামাল ও আসবাব পুড়ে ক্ষতি হয় ১৫ লাখ ৩২ হাজার টাকা। সব মিলিয়ে সিটির বিভিন্ন স্থাপনায় ক্ষতির পরিমাণ প্রায় ১৮ কোটি ৭৫ লাখ টাকা।
অগ্নিকাণ্ডের পর ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অর্থসংস্থান ও কারিগরি জটিলতায় তা এগোয়নি। পরে ভবনটি ভেঙে না ফেলে সংস্কারের মাধ্যমে ব্যবহার উপযোগী করা সম্ভব কি না, তা যাচাইয়ের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এ জন্য ‘ডিজাইন ভ্যালু আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার’ নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ভবনটিতে ১০টি পরীক্ষা চালিয়ে প্রতিবেদন দেয়। এতে রেট্রোফিটিং বা কাঠামোগত শক্তিবর্ধনের মাধ্যমে ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মত দেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয় অন্তত সাড়ে ছয় কোটি টাকা। তবে বিপুল অর্থ ব্যয়ে সংস্কার করলে ভবনটির নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার বিএইচএস নিউজকে বলেন, ভবনটি না ভেঙে সংস্কার করে ব্যবহার উপযোগী করা হবে। এতে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকা ব্যয় হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি সরকারি ভবন বছরের পর বছর এভাবে ফেলে রাখা ঠিক নয়। সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার পরও কাজ শুরু হয়নি। ভবনটি দ্রুত নাগরিকসেবায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।
