আন্তর্জাতিক ক্বারীদের কোরআনের সুমধুর তেলাওয়াতে মুখর হয়ে উঠল পিরোজপুরের নেছারাবাদ। শনিবার সন্ধ্যায় নেছারাবাদ সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হলো ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এতে পাঁচ সহস্রাধিক মুসল্লি সমবেত হন।
সম্মেলনের আয়োজন করে হামিদা সাঈদ ফাউন্ডেশন। মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মরণে এই আয়োজন করা হয়।
সম্মেলনে বাংলাদেশসহ সাত দেশের ক্বারী কোরআন তেলাওয়াত করেন। তাঁদের মধ্যে রয়েছেন মিশরের আবদেল নাসের হারাক, পাকিস্তানের আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের আব্দুল কবির হায়দারী, ইরানের ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
ময়দানে নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। এ ছাড়া প্রজেক্টর ও বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থা রাখা হয়েছিল, যাতে দূর-দূরান্তের মুসল্লিরাও তেলাওয়াত শুনতে পারেন।
