মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত

রসালো ফল তরমুজ উৎপাদনে দেশজোড়া খ্যাতি রয়েছে ভোলার চরফ্যাশনের। এখানকার মাটি তরমুজ উৎপাদনের উপযোগী হওয়ায় মৌসুমে দেশের অন্যান্য জেলা-উপজেলার চেয়ে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয়। মৌসুমি তরমুজ উৎপাদনের মতো আগাম তরমুজ চাষেও ঝুঁকে পড়েছেন স্থানীয় চাষিরা। মালচিং পদ্ধতিতে খরস্রোতা তেঁতুলিয়া নদীর তীরের বালুমাটিতে তরমুজ চাষ করে কৃষিতে নতুন মাত্রা যোগ করেছেন তাঁরা। আগাম চাষেও রেকর্ড পরিমাণ তরমুজ উৎপাদন হয়েছে চরফ্যাশনে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর আগাম জাতের তরমুজ চাষ হয়েছে ১০০ একর জমিতে, যা গত বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। গত বছর চাষের জমির পরিমাণ ছিল মাত্র ১৫ একর। বৃষ্টির ঝুঁকির মধ্যেও মালচিং পদ্ধতি অনুসরণে উন্নত জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকেরা। উৎপাদিত তরমুজের নানা জাতের মধ্যে অন্যতম সুপার কিং, থাই কিং, থাই সুপার, নিউ সুপার, গ্রেড ওয়ান ও আর্লি ওয়ানসহ বিভিন্ন জাত। কৃষকেরা একরপ্রতি প্রায় ৫ লাখ টাকার তরমুজ বিক্রি করছেন। উৎপাদন খরচ বাদে তাঁরা একরপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা লাভবান হচ্ছেন।

তরমুজ চাষি কৃষক বেলাল কাজী ও জাফর কাজী জানান, চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চরের জমিতে আগাম তরমুজ চাষসহ অন্যান্য উচ্চমূল্যের ফসল চাষের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি চর প্রকল্পের প্রদর্শনীর আওতায় জৈবিকভাবে আগাম তরমুজ চাষের জন্য উন্নতমানের বীজ, সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হচ্ছে। এসব সুবিধা গ্রহণ করে তাঁরা আগাম জাতের তরমুজ চাষে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন।

তেঁতুলিয়া নদীর চরজুড়ে এখন তরমুজের সবুজ লতাপাতায় কৃষকের স্বপ্নের নোঙর করা। শতাধিক চাষির তরমুজের জমির বেডগুলো মালচিং পেপার দিয়ে ঢাকা। পাতার আড়ালে বড় হচ্ছে বিভিন্ন জাতের তরমুজ। ভালো ফলন হওয়ায় ক্ষেত থেকেই পাইকারদের কাছে তরমুজ বিক্রি করছেন কৃষকেরা। এসব তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

স্থানীয় কৃষক জাকির হোসেন বলেন, এ পদ্ধতিতে সেচের পানি, শ্রমিক ও কীটনাশকের খরচ কম লাগে। জমিতে লবণাক্ততা থাকলেও ফসল নিয়ে আগের মতো দুশ্চিন্তা করতে হয় না। আগে তরমুজ চাষ করে তেমন লাভ হতো না। মৌসুমে সব তরমুজ একসাথে আসায় লোকসানের ঝুঁকির মধ্যে থাকতে হতো। এবার মালচিং পদ্ধতিতে চাষ করে খরচ কমেছে, ফলনও ভালো হয়েছে। এবার তিনি লাভের আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, চরফ্যাশন উপজেলা তরমুজ চাষের জন্য বিখ্যাত। প্রতিবছর এখানে ১০ থেকে ১২ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়ে থাকে। গত মৌসুমে চরফ্যাশনে ১২ হাজার ৮৭৫ হেক্টর জমিতে মৌসুমি তরমুজ চাষ হয়েছে।

তবে মুজিবনগর ইউনিয়নের তেতুলিয়ার চরের বালুমাটিতে আগাম তরমুজ চাষ চরফ্যাশনের কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে। সিজনের সময় একসাথে অনেক তরমুজ বাজারে আসলে ন্যায্যমূল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই ভালো দাম না পেয়ে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হন। এ কারণে মুজিবনগরের কৃষকেরা আগাম তরমুজ চাষে ঝুঁকছেন।