মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরগুনা

সিডরে নিহতদের স্মরণে বরগুনায় স্মরণসভা ও দোয়া

২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে বরগুনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকায় নির্মিত সিডর স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। বরগুনা প্রেসক্লাবের আয়োজনে এবং ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সিডরের ভয়াবহ রাতের স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. শফিকুজ্জামান মাহফুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, সিডরের ভয়াবহ স্মৃতি বরগুনাবাসীর মনে আজও অমলিন। উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার এবং আশ্রয়কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে প্রশাসন সব সময় তৎপর রয়েছে। তিনি নলটোনা ও নিশানবাড়িয়া এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

স্মরণসভায় বক্তারা বলেন, সিডরের ক্ষত উপকূলবাসীর জীবন থেকে এখনো মুছে যায়নি। সিডরে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পূর্ণ পুনর্বাসন এবং দুর্যোগ থেকে বাঁচতে অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান তাঁরা। অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনা জেলায় সরকারি হিসাবে ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়, নিখোঁজ হন ১৫৬ জন। গর্জনবুনিয়া গ্রামে ১৯টি কবরে একসঙ্গে ৩০ জনের মরদেহ দাফন করা হয়েছিল। নিহতদের স্মরণে ২০০৮ সালে সেখানে নির্মাণ করা হয় সিডর স্মৃতিস্তম্ভ।