বরগুনার বামনা উপজেলায় বেপরোয়া গতির ইট-বালুবাহী টমটমের ধাক্কায় আসমা বেগম (৩২) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁর কোলে থাকা ছোট্ট শিশুটি প্রাণে বেঁচে গেলেও মাকে হারিয়েছে চিরদিনের জন্য।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা। তিনি উত্তর গুদিঘাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় আসমা বেগমের কোলে তাঁর ছোট শিশু ছিল। এ সময় ইট-বালু বহনকারী স্থানীয়ভাবে ‘ডায়া’ নামে পরিচিত একটি টমটম বেপরোয়া গতিতে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে টমটমটি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে গুরুতরভাবে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় তাঁর কোলে থাকা শিশুটি।
একজন শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যিনি প্রতিদিন শিশুদের পাঠদানের মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতেন, তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী, ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় ঘাতক টমটমচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এবং শত বছরের পুরোনো ডৌয়াতলা বাজারসংলগ্ন সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। অথচ দীর্ঘদিন ধরে এ সড়কে ইট-বালুবাহী টমটমসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। কলেজ ও বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
খবর পেয়ে বামনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। এ সময় স্থানীয় জনতা আটক করে রাখা টমটমচালককে পুলিশ হেফাজতে নেয়।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান বিএইচএস নিউজকে বলেন, “আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালককে জনতা আটক করে রেখেছিল। সেখান থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কলেজ ও বাজারসংলগ্ন সড়কে গতিরোধক নির্মাণ, যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।
