বরগুনার পাথরঘাটায় জালে পেঁচানো ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে সংরক্ষিত হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির সাপটি উদ্ধার করেন।
টাইগার জাকির বিএইচএস নিউজকে জানান, সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম তাঁকে জানান, টেংরা খালে জালে পেঁচানো একটি অজগর দেখা গেছে। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জাল থেকে অজগরটি উদ্ধার করেন।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বিএইচএস নিউজকে বলেন, জাকির হোসেন অজগরটি নিয়ে আসার পর তাৎক্ষণিকভাবে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বিএইচএস নিউজকে জানান, জাকির দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছেন। এর আগেও তিনি প্রায় দুই হাজার অজগর উদ্ধার করেছেন।
