বরিশালের গৌরনদীতে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি টুইন পিট লেট্টিনের তালিকা তৈরিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় উপজেলায় ৫৯৫টি টুইন পিট লেট্টিন বরাদ্দ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি লেট্টিনের জন্য সহায়ক চাঁদা হিসেবে ৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা, কিন্তু তালিকায় নাম তোলার জন্য সুবিধাভোগীদের কাছ থেকে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি জানতে পেরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জানান, নির্মিতব্য ইম্প্রভড ল্যাট্টিনের সহায়ক চাঁদা ৫ হাজার টাকা এবং তালিকা চূড়ান্ত হওয়ার পর তা ব্যাংকে জমা দিতে হবে। এর বাইরে আর কোনো সরকারি খরচ নেই।
ইউএনওর পোস্টের মন্তব্যেই অতিরিক্ত অর্থ আদায়ের চিত্র উঠে এসেছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল জানান, তার কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লবের মন্তব্য থেকে জানা যায়, সরিকলে সাড়ে পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে। উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ লিখেছেন, বার্থীতে ৭ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া চাঁদশীতে একজনের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার কথাও মন্তব্যে জানানো হয়েছে।
অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে, গৌরনদী জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে তালিকা প্রণয়নের দায়িত্ব কাউকে না দেওয়া হলেও সাত ইউনিয়নে তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতারা। প্রাথমিক তালিকায় নাম থাকা খাঞ্জাপুর ইউনিয়নের চারজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ডের একটি অফিসে বসে টাকা ও ফরম নেওয়া হয় বলে জানিয়েছেন হান্নান মীর নামের এক ব্যক্তি। তিনি বলেন, তিনি ও আরও তিনজনের ফরম ও ৭ হাজার টাকা করে জমা নেওয়া হয়েছে। ফরম দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার, তবে তিনি টাকা হাতে নেননি।
তালিকায় নাম থাকা বার্থী ইউনিয়নের পারুল বেগম বলেন, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিন্টুর মাধ্যমে তিনি লেট্টিনের জন্য নাম দিয়েছেন। তবে মিন্টু টাকা নেননি; টাকা গৌরনদী বাসস্ট্যান্ডে বসে নেওয়া হয়েছে। একই কথা বলেছেন তালিকায় নাম থাকা আরও অনেকে।
বাটাজোরের রেকসোনার স্বামী জানান, গৌরনদী বাসস্ট্যান্ডের আগৈলঝাড়া রোডে বসে লেট্টিনের জন্য তার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছে। তিনি বলেন, সাত হাজারের নিচে নেওয়া হয় না; বুঝিয়ে এক হাজার কম দিয়েছেন। তালিকায় থাকা পারভীনের কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদার বিএইচএস নিউজকে বলেন, “আমরা লেট্টিনের তালিকা দিয়েছি। তবে কারো কাছ থেকে টাকা নেইনি। টাকা নিয়েছে জসিম শরীফ ও আকবর। সরকারি খরচ ৫ হাজার টাকার পরিবর্তে তারা ৭ হাজার টাকা করে নিয়েছে। এ নিয়ে আমি প্রতিবাদ করেছি। গরিব মানুষদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া তাদের ঠিক হয়নি।”
বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বিএইচএস নিউজকে বলেন, তার কাছে ৭০টির তালিকা চাওয়া হয়েছিল। তিনি সেই তালিকা দিয়েছেন। টাকা জমা নিয়েছে আশোকাঠীর আকবর; তারা ৭ হাজার টাকা করে নিয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন বলেও জানান। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদার কাছে জানতে চাওয়া হলে তিনি লেট্টিনের তালিকা করার বিষয়টি স্বীকার করলেও কারা টাকা নিয়েছে, সে বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
টাকা নেওয়া নেতাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জসিম শরীফ উপজেলা যুবদলের পদবিহীন নেতা ও উপজেলা বিএনপির সদস্য সচিবের ভাতিজা এবং মিজানুর রহমান আকবর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। অর্থ আদায়ের বিষয়ে জসিম শরীফের কাছে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর সালিশিতে ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
গৌরনদী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বিএইচএস নিউজকে জানান, এ উপজেলায় ৫৯৫টি টুইন পিট লেট্টিন বরাদ্দ রয়েছে। প্রতিটি লেট্টিনের জন্য সহায়ক চাঁদা বাবদ ৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এর বাইরে অতিরিক্ত কোনো খরচ নেই। অতিরিক্ত অর্থ লেনদেনের বিষয়ে সবাইকে সাবধান করা হয়েছে; এরপরও কেউ অতিরিক্ত টাকা নিলে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, তালিকা তৈরির জন্য কাউকে নির্দেশনা দেওয়া হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে তালিকা পাওয়ার পর তা উপজেলা ওয়াটসান কমিটির মাধ্যমে প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হবে। প্রকল্প পরিচালকের অনুমোদনের পরই ব্যাংকের মাধ্যমে সহায়ক চাঁদা জমা নেওয়া শুরু হবে। এখন পর্যন্ত তালিকা অনুমোদন না হওয়ায় অফিসের পক্ষ থেকে সহায়ক চাঁদা নেওয়ার কোনো সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, সরকারি অফিস ছাড়া অন্য কারো হাতে টাকা না দেওয়ার জন্য সবাইকে নিরুৎসাহিত করা হয়েছে।
