বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ মো. শিপন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালি মার্কেট এলাকায় অভিযান চালান। এ সময় আধা কেজি গাঁজাসহ শিপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিপন উপজেলার যুগিরকান্দা গ্রামের মো. আব্দুল হাই হাওলাদারের ছেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার সকালে তাকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হবে।
