“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দিবসটি ঘিরে আইডিইবির সদস্য ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। প্রধান বক্তা ছিলেন আইডিইবির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জসিম সিকদার রানা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইডিইবির সাবেক সভাপতি প্রকৌশলী অ্যাডভোকেট গোলাম আহাদ দুলু, আইডিইবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক প্রকৌশলী শাহাদত জামিল চৌধুরী এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক প্রকৌশলী শওকত আলী মিয়া।
জেলা আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল আহসান, সহ-সভাপতি প্রকৌশলী মো. কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হুমায়ুন কবির সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সোয়েব মাহমুদ ও প্রকৌশলী মাঈনুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মশিউর রহমান সৈকত এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর মো. ইব্রাহীমসহ অন্যান্য প্রকৌশলী ও অতিথিরা।
এর আগে দিবসটি উপলক্ষে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে আইডিইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. কবীর হোসেন বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও উন্নত রাষ্ট্র গঠনে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তির সম্প্রসারণসহ জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞানে দক্ষ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
বক্তারা আইডিইবির দীর্ঘ পথচলা, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, কারিগরি শিক্ষার প্রসার এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রকৌশলীদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী জনশক্তি গড়ে তোলার মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
