মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

বিষখালীর ভাঙনে হুমকিতে বাকেরগঞ্জের রুপারজোর গ্রাম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রাম বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই অস্তিত্ব সংকটে পড়েছে।

গত চার-পাঁচ বছরের নদীভাঙনে ইতোমধ্যে মসজিদসহ ৮ থেকে ১০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় এখন চরম ঝুঁকিতে রয়েছে রুপারজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। এতে এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে শিক্ষক আলতাফ হোসেন বিএইচএস নিউজকে বলেন, বিষখালী নদীর অব্যাহত ভাঙনে রুপারজোর গ্রামের মানচিত্র পাল্টে গেছে। গত চার-পাঁচ বছরে নদীভাঙনে ৮ থেকে ১০টি বসতবাড়ি ও একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে এলাকার শিক্ষাব্যবস্থা হুমকির মুখে। যেকোনো মুহূর্তে রুপারজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ অবস্থায় দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

নিয়ামতি ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বিএইচএস নিউজকে বলেন, বাকেরগঞ্জের রুপারজোর গ্রামটি এমনিতেই অবহেলিত। এর মধ্যে বিষখালী নদীর অব্যাহত ভাঙন এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। সরকার দ্রুত নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে একসময় পুরো গ্রামই বিষখালী নদীতে বিলীন হয়ে যেতে পারে।

নদীভাঙনের হাত থেকে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা রক্ষায় প্রধানমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, আর দেরি না করে দ্রুত নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএইচএস নিউজকে বলেন, বিষখালী নদীর ভাঙনে উপজেলার রুপারজোর গ্রামের ফসলি জমি, বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। অতি শিগগিরই ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।