মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পটুয়াখালী

গলাচিপায় ফুটল ১৩ সাপের বাচ্চা, সবগুলো অবমুক্ত

পটুয়াখালীর গলাচিপায় উদ্ধার করা দুটি সাপের ডিম থেকে ফুটে ওঠা ১৩টি সাপের বাচ্চা প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে বন বিভাগ। এর মধ্যে ১০টি পদ্মগোখরা ও ৩টি দারাস সাপের বাচ্চা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে দারাস সাপের তিনটি বাচ্চা অবমুক্ত করা হয়। বিষধর ১০টি পদ্মগোখরা সাপের বাচ্চা প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার জন্য ম্যানগ্রোভ বনে নিয়ে যায় বন বিভাগ।

জানা গেছে, প্রায় দুই মাস আগে গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চরকাজল গ্রামের তরুণ স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ দুটি সাপ—একটি পদ্মগোখরা ও একটি দারাস—উদ্ধার করেন। উদ্ধারের পর সাপ দুটির পেটে ডিমের উপস্থিতি দেখতে পান তারা। পরে বিশেষ যত্নে ও নিজেদের ব্যবস্থাপনায় সাপ দুটিকে প্রায় দুই মাস পরিচর্যা করেন। ডিম দেওয়ার পর সাপ দুটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

এরপর সাপ দুটির দেওয়া ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ নেন ওই দুই স্বেচ্ছাসেবক। বিশেষ ব্যবস্থায় পদ্মগোখরার ২০টি এবং দারাস সাপের ৮টি ডিম প্রায় দুই মাস ধরে তা দিয়ে সংরক্ষণ করেন তারা। একপর্যায়ে ডিম ফুটে ১০টি পদ্মগোখরা ও ৩টি দারাস সাপের বাচ্চা জন্ম নেয়। বাচ্চাগুলোকে আরও এক সপ্তাহ পরিচর্যায় রাখার পর সোমবার গলাচিপা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শ্রী নয়ন মিস্ত্রি, স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদসহ সংশ্লিষ্টরা।

স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান বিএইচএস নিউজকে বলেন, “আমি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার কাজ করি। দারাস সাপ নির্বিষ হওয়ায় এগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে, পদ্মগোখরা বিষধর হওয়ায় সেগুলো লোকালয় থেকে দূরে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বিএইচএস নিউজকে বলেন, “প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমিকা রয়েছে। সাপ দেখলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।”