মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

অন্ধকারে ত্রিশ গোডাউন, সন্ধ্যা নামলেই অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের আখড়া

বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে ১১ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন বিনোদনকেন্দ্রে দিনের আলোয় নানা বয়সী মানুষ ভিড় জমান নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তবে সন্ধ্যা নামতেই পাল্টে যায় চিত্র। দীর্ঘদিন ধরে ল্যাম্পপোস্টের বাতি বিকল থাকায় পুরো এলাকা ডুবে থাকে ঘুটঘুটে অন্ধকারে। এই সুযোগে সেখানে অসামাজিক কর্মকাণ্ড, মাদক সেবন ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

চলতি মাসের বিভিন্ন দিনে সরেজমিনে দেখা গেছে, বিনোদনকেন্দ্রের নদীসংলগ্ন সড়ক ও বসার বেঞ্চগুলোর পাশের অধিকাংশ ল্যাম্পপোস্টের বাতি জ্বলছে না। সন্ধ্যার পরপরই নদীর পাড়ের বড় একটি অংশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। এই অন্ধকারের সুযোগ নিয়ে উঠতি বয়সী স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের একাংশ আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানান।

ঘুরতে আসা দর্শনার্থী রিশাদ বিএইচএস নিউজকে বলেন, বেঞ্চগুলোর পাশের ল্যাম্পপোস্টগুলোতে প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে বাতি জ্বলছে না। অন্ধকারের সুযোগে একদিকে অসামাজিক কর্মকাণ্ড চলছে, অন্যদিকে নিরাপত্তারক্ষী না থাকায় প্রায়ই দর্শনার্থীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা শামীম বলেন, দিনের বেলা পরিবেশ স্বাভাবিক থাকলেও রাত গভীর হলে নির্জন স্থানগুলোতে বখাটেদের আনাগোনা বাড়ে। দর্শনার্থীদের ভিড় কমে গেলে সেখানে নিয়মিত মাদক বিক্রি ও সেবনের আসর বসে।

নিরাপত্তা ও তদারকির বিষয়ে জানতে চাইলে পার্শ্ববর্তী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্পের এক সদস্য বিএইচএস নিউজকে জানান, বিনোদনকেন্দ্রটি বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন এবং তাদের সীমানার বাইরে হওয়ায় সেখানে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই।

বিনোদনকেন্দ্রের দেখভাল ও অকেজো বাতিগুলো সংস্কারের বিষয়ে জানতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ঘটনাস্থলে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে তিনি জেনেছেন। ত্রিশ গোডাউন এলাকায় কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড বা মাদকের আসর বসে থাকলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।