জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার দাবিতে বরগুনায় মানববন্ধন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, তরুণ-তরুণী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের হাতে ছিল জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ ও উপকূলীয় মানুষের অধিকার আদায়ের দাবিসংবলিত ব্যানার ও স্লোগান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী না হলেও এর ভয়াবহ মাশুল তাঁদেরই দিতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন ও লবণাক্ততার প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি ও জীবিকার উৎস। একের পর এক দুর্যোগে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার।
তাঁদের মতে, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা, মানবাধিকার ও অস্তিত্বের প্রশ্ন। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু তহবিল ব্যবহারে উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সংগঠনটির সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই ও মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অনেক এলাকায় দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে স্বাভাবিক জোয়ার কিংবা সামান্য দুর্যোগেও জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। কোথাও কোথাও নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। ফলে মানুষকে বারবার নতুন করে ঘরবাড়ি নির্মাণ ও জীবিকা গড়ে তোলার সংগ্রাম করতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে উপকূলের নারীরা অন্যতম। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও জীবিকার সংকট তাঁদের দুর্ভোগ বাড়িয়ে দেয়। তাই জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর এসব দাবি, সংকট ও বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। তাঁদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠ আন্তর্জাতিক আলোচনায় যথাযথ গুরুত্ব পেতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, জলবায়ু তহবিল, অভিযোজন কার্যক্রম ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাস্তবসম্মত অর্থায়ন নিশ্চিত করতে হবে।
