এইমাত্র
পটুয়াখালী

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি একই এলাকায় কার্যত স্থির রয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে আকভান।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ার কারণে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি ১২ দশমিক ১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।