এইমাত্র
ঝালকাঠি

রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী হোসেন ওই গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ২০২২ সালে দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন আলী হোসেন মোল্লা। ওই বছরের ২৮ অক্টোবর গভীর রাতে জানালা ভেঙে ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় ধারালো দেশি অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পরের দিন রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ২০২২ সালের ১৫ নভেম্বর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন আলী হোসেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার বিএইচএস নিউজকে জানান, গ্রেপ্তার আলী হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।