উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে উজিরপুর উপজেলার প্রার্থী হিসেবে ফেরদৌসের নাম রয়েছে।
প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার। মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস বর্তমানে এনসিপির বরিশাল জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তারে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।
উজিরপুরে তাঁর প্রার্থী ঘোষণার খবরে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রার্থী ঘোষণার খবরে তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
