ভোলার বোরহানউদ্দিনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে ইদারার মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার স্টেশনের ইনচার্জ মো. খোরশেদ আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে জসিমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জসিম (২৮) চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম আলী আহম্মেদ মুন্সি। আহতরা হলেন পৌর এলাকার আমেনা বেগম (২০) এবং বরিশালের বাকেরগঞ্জের মো. হাবির (৩২)। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বিএইচএস নিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
