এইমাত্র
বরিশাল জেলা

বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু

বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আখতারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারুল রসাত নূরানী মাদ্রাসার পাশের পুকুরটি কচুরিপানায় ভরে গিয়ে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ চরম দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। অথচ মাত্র দুই বছর আগেও এই পুকুরের পানির ওপর নির্ভরশীল ছিল এলাকার কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, স্কুলটির নিজস্ব কোনো খেলার মাঠ নেই; সামনের অংশজুড়েই কচুরিপানায় ভরা পুকুর। স্কুলের পেছনে খোলা ড্রেন ও ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ঝুঁকি নিয়ে পড়ালেখা করছে প্রাথমিক বিদ্যালয়ের ২৯০ জন এবং মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থী। কাজী বাড়ি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরাও পড়েছেন বিপাকে।

ঘন কচুরিপানার স্তূপ বিষধর সাপ, জোঁক ও পোকামাকড়ের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে এসব প্রাণী ড্রেন ও পুকুর থেকে উঠে এসে শিশুদের আক্রমণ করতে পারে। অপরিচ্ছন্ন ড্রেন ও কচুরিপানায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া বহনকারী মশার বংশবিস্তার ঘটছে। নোংরা পানির সংস্পর্শে শিশুদের মধ্যে ডায়রিয়া, টাইফয়েড, কলেরাসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। ড্রেনের পচা গন্ধ ও গ্যাসের কারণে শিশুদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, একসময় রাতের আঁধারে বালু ফেলে পুকুরটি ভরাটের চেষ্টা করা হয়েছিল, যা সিটি করপোরেশনের বাধায় পুরোপুরি সফল হয়নি। স্থানীয় প্রভাবশালী মালিকপক্ষ পুকুরটি পরিষ্কার না করে ভরাটের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। বর্তমানে এলাকায় কোনো অগ্নিকাণ্ড ঘটলে আগুন নেভানোর পানি সংগ্রহের একমাত্র জলাধার বলতে এই পুকুরটিই অবশিষ্ট রয়েছে। জোড় মসজিদ এলাকায় রয়েছে মাত্র একটি। কিন্তু পুকুরটি কচুরিপানায় ভরাট থাকায় জরুরি মুহূর্তে পানি পাওয়া অসম্ভব হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুকুরটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন স্থানীয় মাসুমা বেগম।

আখতারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিয়া পারভিন বিএইচএস নিউজকে বলেন, “শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এমন পরিবেশ থাকা অত্যন্ত বিপজ্জনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।”

কাজী বাড়ি মসজিদ কমিটির পক্ষে সেলিম মৃধা জানান, বিসিসি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও পুকুরটি পরিষ্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এলাকার বাসিন্দারা অবিলম্বে পুকুরটি পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

দারুল রসাত নূরানী মাদ্রাসার পক্ষে হাফেজ মাহমুদ বলেন, “পুকুরটি পরিষ্কার রাখলে এলাকার বহু মানুষের উপকার হতো, কিন্তু মালিকপক্ষ এটি ভরাট করতে চায়।”

পুকুরের মালিক রেখা তারেক বলেন, “বিষয়টি আমার বিবেচনায় রয়েছে, পরবর্তীতে ভেবে সিদ্ধান্ত নেব।”

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”