এইমাত্র
পিরোজপুর

ভান্ডারিয়ায় বাসে আগুনে হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শনিবার (২১ নভেম্বর) ভান্ডারিয়া বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং বাসের হেলপার সিয়ামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বরিশাল জেলা প্রশাসনের মাধ্যমে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। কোনো অপরাধী যেন আইনের হাত থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে হবে।

পরে ওইদিন রাতে ভান্ডারিয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি কোনোভাবেই সহ্য করা হবে না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের বাস দুটিতে আগুন দেওয়া হয়। বাসে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় ভান্ডারিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি সন্ত্রাসবিরোধী আইনে।

এ সময় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।