এইমাত্র
ভোলা

চেক প্রতারণার মামলায় ‘আইসক্রিম সিরাজ’-এর ১ বছরের কারাদণ্ড

ভোলার লালমোহনে ৩০ লাখ টাকার চেক প্রতারণার মামলায় ব্যবসায়ী মো. সিরাজ মোল্লা (৫১) ওরফে ‘আইসক্রিম সিরাজ’-কে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

প্রতিবেশী হওয়ার সুবাদে ব্যবসায়ী সিরাজ মোল্লার সঙ্গে আলহাজ মো. মফিজুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিশ্বাস করে মফিজুর রহমান সিরাজকে আইসক্রিমসহ অন্যান্য ব্যবসার প্রয়োজনে নগদ ও চেকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা ধার দেন। পাওনা টাকা ফেরত চাইলে সিরাজ নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে চাপে পড়ে ২০২১ সালের ২১ মার্চ উত্তরা ব্যাংকের লালমোহন শাখায় নিজের সঞ্চয়ী হিসাবের বিপরীতে ৩০ লাখ টাকার একটি চেক (নম্বর-৩৯৭৯৯৩৯) দেন তিনি।

মফিজুর রহমান ওই দিনই চেকটি নগদায়নের জন্য রূপালী ব্যাংকের লালমোহন শাখায় জমা দেন। কিন্তু সিরাজের ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় এবং হিসাব বন্ধ থাকায় ২৩ মার্চ চেকটি প্রত্যাখ্যাত হয়। বিষয়টি জানানো হলে সিরাজ টাকা ফেরত না দিয়ে উল্টো ছলচাতুরী ও হুমকি দিতে থাকেন।

চেক প্রত্যাখ্যাত হওয়ার পর ২০২১ সালের ১২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে সিরাজ মোল্লাকে রেজিস্টার্ড ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়, যা ১৮ এপ্রিল তিনি গ্রহণ করেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় মফিজুর রহমান লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা (নম্বর-১৫৮/২১) করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সিরাজ মোল্লাকে এক বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এদিকে পাওনা টাকা চাওয়ায় সিরাজ মোল্লা উল্টো মফিজুর রহমানকে ঘায়েল করতে একাধিক মিথ্যা মামলা করেন। তবে আদালতে সেসব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় মামলাগুলো খারিজ হয়ে যায়।

অপরদিকে ‘মোল্লা আইসক্রিম ফ্যাক্টরি’ নিয়ে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই শিশুদের আইসক্রিম ও ‘রোবো’ (বরফজাত খাদ্য) তৈরি ও বাজারজাত করার অভিযোগ রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একাধিকবার কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে। এছাড়া লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটিকে জরিমানা এবং কারখানার ম্যানেজারকে কারাদণ্ড দেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বারবার অভিযানের পরও কারখানাটি সচল রাখা হয়েছে। সেখানে ক্ষতিকর ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি নিম্নমানের আইসক্রিম খেয়ে এলাকার শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও দণ্ডিত আসামির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।