পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয়ের ঘুমন্ত নৈশপ্রহরীকে বাইরে থেকে তালাবদ্ধ করে অফিসের সামনে রাখা দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি মাইক্রোবাসের ব্যাপক ক্ষতি হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে একদল দুর্বৃত্ত অফিসের সামনে রাখা গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয়। এতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলালের ছোট ভাই ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বিএনপি নেতা মনিরুজ্জামান ছোট্টর একটি মাইক্রোবাস এবং বিআরডিবি কার্যালয়ের এক কর্মচারীর ব্যবহৃত মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান ছোট্ট বিএইচএস নিউজকে জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পাশে থাকা সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলালের ব্যক্তিগত গাড়িটি কাপড় দিয়ে ঢাকা থাকায় সেটির কোনো ক্ষতি হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা পুলিশ সুপার তালেবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিএইচএস নিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
