এইমাত্র
ঝালকাঠি

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে ১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করে সেখানে মিনিপার্ক নির্মাণ করা হবে।

অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হাদিসুর রহমান বিএইচএস নিউজকে জানান, গণপূর্ত প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঝালকাঠিতে গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরাতন কলেজ খেয়াঘাটসহ গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য সরকারি জমিও অবৈধ দখলমুক্ত করা হবে।

অভিযানের আগে দখলদারদের চিঠি দিয়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে বলা হয়। অনেকেই প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেন। প্রথম দিনের অভিযানে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত হওয়ার পর জায়গাটিতে গড়ে উঠবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ। পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ সেখানে অবসর কাটানোর সুযোগ পাবেন।