এইমাত্র
মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

বরিশালের মেহেন্দিগঞ্জে নেশার টাকা না পেয়ে শাবলের আঘাতে মাকে হত্যা করেছে ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নীরু বেগম (৫৫) ওই এলাকার রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত ছেলে রবিউল (২৩) পেশায় কৃষক, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানা গেছে।

ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর বিএইচএস নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে রবিউল তার মায়ের কাছে টাকা চান। মা নীরু টাকা দিতে অস্বীকার করলে তর্কাতর্কির একপর্যায়ে মাথায় শাবল দিয়ে আঘাত করেন রবিউল। বাড়ির অন্যান্য লোকজন নীরুকে উদ্ধার করে দফাদার হাটের মেডিফাস্ট ডায়গনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সময় বৃদ্ধ পিতা রহিম ফকিরকেও মারধর করেছে রবিউল। পরে গ্রামের লোকজন তাকে আটকে রেখে কাজিরহাট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

কাজিরহাট থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিএইচএস নিউজকে বলেন, টাকার জন্য রবিউল তার মা নীরু বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।