ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া–রাজাপুর আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে কয়েকজন বাসিন্দা মহাসড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা রাজাপুর থানায় খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিএইচএস নিউজকে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
