শনিবার বরিশালে যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিয়ে সচেতনতা বাড়ানো, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে এক আলোচনা সভা ও প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী গাঙ্গুলী হোস্টেলে অনুষ্ঠিত সভাটির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)। Youth Share-Net Project-এর আওতায় ‘Establishing Localised Youth and SRHR Network & Campaign to Prevent Violence Against Women’ শীর্ষক এ কর্মসূচিতে সহযোগিতা করেছে রেডঅরেঞ্জ ও এমপ্লিফাই চেইঞ্জ।
সভায় যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। যুব নেতৃত্বের বিকাশ, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক যুব ও SRHR নেটওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএম কলেজের বনমালী গাঙ্গুলী হোস্টেলের সুপার ও সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মনিরা আক্তার ও লিগ্যাল অ্যাডভাইজার কান্তা দে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আভাসের উপ-নির্বাহী পরিচালক জান্নাতুল নাঈম ঐশী, প্রকল্প কর্মকর্তা ময়ূরী আক্তার টুম্পা ও প্যারালিগাল নাহার তালুকদারও সভায় উপস্থিত ছিলেন।
