বরিশাল নগরীর চাঁদমারী এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সাবস্টেশন রুমে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন বরিশালের কাউনিয়া এলাকার বাঁশের হাটখোলার আফেজ হাং ও আখির ছেলে স্বপন হাং এবং পটুয়াখালীর লোহালিয়া এলাকার শামছুল হক ও সাহিদা বেগমের ছেলে সালমান মৃধা।
জানা গেছে, আটক দুই ব্যক্তি হাসপাতালের সাবস্টেশন রুমে প্রবেশ করে বৈদ্যুতিক তার দেখছিলেন। এ সময় হাসপাতালের এক কর্মচারী তাদের সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বরিশাল কোতোয়ালি থানা পুলিশে খবর দেওয়া হয়।
পরে কোতোয়ালি মডেল থানার এসআই মানিক ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যান।
নগরীর বিভিন্ন স্থানে সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টাকালে দুজন আটক হওয়ার ঘটনায় চুরি চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে।
পুলিশের তদন্তে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের পরিচয় ও চুরির ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
