ভোলার লালমোহনে জমি নিয়ে বিরোধের জেরে ছেলে ও ছোট স্ত্রীর বিরুদ্ধে বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে চরভূতা ইউনিয়নের মুগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল খালেক ডুবাইকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল খালেক ডুবাই বিএইচএস নিউজকে জানান, ছেলে শামীম ও ছোট স্ত্রী শাহনুর বেগমের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে ও রক্তপাত হয়।
আব্দুল খালেক ডুবাই জানান, সুস্থ হয়ে তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য জানা যায়নি।
