ভোলার দৌলতখানে জামিয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ চরপাতা বড় মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দস্তারবন্দী মহাসম্মেলনে মাদরাসাটির প্রায় ৯০০ সাবেক শিক্ষার্থীকে ‘সম্মাননা পাগড়ি’ দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দৌলতখান উপজেলার কাজিরহাটের চৌধুরী মিয়ার হাটসংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মহাসম্মেলন শেষ হয় দিবাগত রাতে। প্রায় ৯০০ সাবেক ছাত্রকে পাগড়ি প্রদান, দেশবরেণ্য ওলামায়ে কেরামের আলোচনা এবং ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন স্মরণীয় ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়।
আয়োজকরা বিএইচএস নিউজকে জানান, দ্বীনি শিক্ষা, ইসলামি ঐতিহ্য, সংস্কৃতি ও আদর্শ প্রচারের লক্ষ্যে এ বৃহৎ ধর্মীয় আয়োজন করা হয়। মহাসম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল মাদরাসা থেকে ইতিপূর্বে পড়াশোনা শেষ করা প্রায় ৯০০ সাবেক শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান; দিনব্যাপী ৩টি ধাপে শিক্ষার্থীদের পাগড়ি দেওয়া হয়। দীর্ঘদিনের দ্বীনি শিক্ষা ও সাধনার স্বীকৃতিস্বরূপ পাগড়ি প্রদানের এ আয়োজনে সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পাগড়ি পাওয়া ছাত্ররা মাদরাসাটির আলেম, ফাজেল, আবনা ও হাফেজ বিভাগের সাবেক ছাত্র।
সম্মেলন সুশৃঙ্খল ও সফল করতে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক ক্যাম্প, জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প এবং অজু, ইস্তিঞ্জা ও নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। সকালে, দুপুরে ও রাতে— মোট ৩টি ধাপে সম্মেলনের কার্যক্রম পরিচালনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শায়েখ হাসান জামিল।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া তালিমিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা), যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুফতি ও মুহাদ্দিস রেজাউল করিম আবরার ও ঢাকার বসুন্ধরা এ কে ব্লক মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাদরাসাটির মহাপরিচালক মাওলানা মো. ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা খলীল আহমদ কুরাইশী দ্বীনি শিক্ষা ও ইসলামি আদর্শের গুরুত্ব তুলে ধরে বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দ্বীনি শিক্ষার প্রসার, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং আদর্শ আলেম তৈরিতে মাদরাসা শিক্ষার ভূমিকা ও গুরুত্বের ওপর আলোচনা করেন।
অন্যদিকে কোরআন-সুন্নাহর শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং বাস্তব জীবনে তা অনুসরণ করার আহ্বান জানান মুফতি রেজাউল করিম আবরার। তিনি বলেন, নতুন প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলা এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও অবদান সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।
সম্মাননা পাগড়ি গ্রহণ করা মাদরাসাটির প্রাক্তন ছাত্র হাফেজ মো. জোবায়ের, ইসমাইল ও সাঈদ বিএইচএস নিউজকে বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় ওস্তাদরা (শিক্ষকরা) আজ আমাদেরকে মাদরাসায় এনে মহাসম্মেলনে পাগড়ি প্রদান করেছেন, আমরা অনেক আগেই মাদরাসা থেকে পড়াশোনা শেষ করেছি, এ স্মৃতি কখনো ভুলতে পারব না। পাগড়ি পাওয়া আমাদের জন্য অনেক সম্মানের, আল্লাহর দরবারে শুকরিয়া।’ এ ছাড়া ছাত্ররা তাদের ধর্মীয় জ্ঞান ও শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার কথাও জানান।
