মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পটুয়াখালী

গলাচিপায় ২০০ কৃষক-কৃষাণির অংশগ্রহণে নবান্ন উৎসব

পটুয়াখালীর গলাচিপায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ধানের ঘ্রাণ, পিঠাপুলির স্বাদ, গ্রামীণ খেলাধুলা আর নাচ-গানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলা ১ অগ্রহায়ণ ১৪৩৩ উপলক্ষে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উঠানে এ উৎসবের আয়োজন করে সারা বাংলা কৃষক সোসাইটি।

মুগডাল, বাদাম, তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ জন কৃষক-কৃষাণি এতে অংশ নেন। নতুন পোশাকে সজ্জিত হয়ে তাঁরা নবান্ন উৎসবের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। পরে আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজনে এগিয়ে যায় উৎসবের আনুষ্ঠানিকতা।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের সমাহার। সাতটি স্টলে প্রদর্শন করা হয় নকশি পিঠা, পুলি পিঠা, নাড়ু, ভাপা পিঠা, মলিদা, খই, মুড়ি, চালভাজা, পায়েস, নারকেল ও বাদামসহ নানা ঐতিহ্যবাহী খাবার। পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত মুগডাল, নারকেল, বাদামসহ বিভিন্ন কৃষিপণ্যও প্রদর্শন করা হয়।

শুধু খাবারের আয়োজনেই সীমাবদ্ধ ছিল না উৎসব। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণে হাঁড়িভাঙা খেলা, মোরগ লড়াই, বল পাস ও বেলুন ফোটানোসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী, এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সংগঠনের ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভি পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।

বক্তারা বলেন, নবান্ন উৎসব কেবল নতুন ফসল ঘরে তোলার আনন্দ উদযাপন নয়; এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যাচ্ছে।