মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫

ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দেউলা লঞ্চঘাট সংলগ্ন কাচারির চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।