মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পটুয়াখালী

কুয়াকাটায় হোটেল কর্মচারীকে মারধরের অভিযোগ হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে

মাত্র তিন হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের হিসাবরক্ষককে মারধর ও তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি ও হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী শাহ আলম হাওলাদার।

ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে ঘটনাটি ঘটে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগে বলা হয়েছে, হোটেলের প্রয়োজনীয় মুদি মালামাল শাহ আলমের দোকান থেকে নগদ ও বাকিতে কেনা হতো। দোকানটিতে হোটেলের মোট ১৩ হাজার টাকা বকেয়া ছিল। ঘটনার তিন-চার দিন আগে ১০ হাজার টাকা পরিশোধ করা হলে বাকি থাকে মাত্র তিন হাজার টাকা। ওই টাকার হিসাবের কাগজপত্র দেখতে চাওয়ায় বিরোধের সূত্রপাত হয়।

মামুন গাজীর অভিযোগ, সকালে হোটেলের অতিথিদের জন্য খাবার সংগ্রহ করতে মেরিন ভিউ রেস্তোরাঁয় গেলে শাহ আলমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম গালমন্দ করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলমের নেতৃত্বে অপর তিনজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। মাথা ও মুখে আঘাতে তার মাথার ডান পাশে কপালের ওপর ফোলা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন তৈরি হয়।

অভিযোগে আরও বলা হয়, হোটেলের বাজার করার জন্য মামুনের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা শাহ আলম নিয়ে গেছেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

শাহ আলম হাওলাদার ছাড়াও ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদারকে অভিযুক্ত করে মহিপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শাহ আলম হাওলাদার একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালে আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন তিনি। আসন্ন কুয়াকাটা পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে তার।

অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি টাকা পাব, কিন্তু তারা টাকা দেয় না। আমি টাকা চেয়েছি। তখন আমাকে গালাগালি করেছে। তাই আমার পাশে থাকা ভাইদের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. হালিম বেপারি বলেন, ‘আমাদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশের একটি দল তদন্ত করছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’