মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ঝালকাঠি

রাজাপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামের এক যুবককে আটক করেছে গ্রাম পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছে।

গত রোববার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের রাড়ী বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ওই গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত জাহাঙ্গীরকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইউএনও রিফাত আরা মৌরী বিএইচএস নিউজকে জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।