পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার সন্ধ্যায় মিছিলটি শহরের টাউন স্কুল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নাজিরপুরসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদ জানান। এ সময় স্বৈরাচার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেশবিরোধী সব কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
গত রোববার বিকেলে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।
