এইমাত্র
বরিশাল সদর

ডিসেম্বরেই চালু হচ্ছে বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল

বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মিত ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতালের বহির্বিভাগ আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে। হাসপাতালটি চালুর প্রস্তুতি হিসেবে উপপরিচালক নিয়োগসহ প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রজ্ঞাপনে দেশের পাঁচটি নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালে উপপরিচালক পদায়ন করেছে। প্রজ্ঞাপনে বরিশাল শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মজিবর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম ও খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে উপপরিচালক করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২ শাখা) আশরাফ আহমেদ রাসেল। পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৩০ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

বরিশালসহ রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল একযোগে চালুর পরিকল্পনা রয়েছে। হাসপাতাল পাঁচটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমানতগঞ্জে ২০০ শয্যার এই হাসপাতাল ভবন নির্মাণ শুরু হয়েছিল ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি। ১০ তলা ভিত্তির ওপর চারতলা ভবন নির্মাণের কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এবং জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে না পারায় দীর্ঘদিন ধরে হাসপাতালটি চালু করা যায়নি।

এর আগে গত ৯ নভেম্বর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছিলেন, হাসপাতালের জন্য আসবাবপত্র সরবরাহ করা হলেও কিছু চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ তখনো পৌঁছায়নি। চিকিৎসকদের পদ সৃষ্টি ও বেতন কোড নির্ধারণের কাজ শেষ হয়েছে।

হাসপাতালটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নবজাতকের ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে মেশিন, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটি চালুর উদ্যোগে আশার সঞ্চার হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে। তবে স্থানীয়রা বলছেন, শুধু আনুষ্ঠানিক উদ্বোধন নয়, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করতে হবে।